প্রবাস বার্তা টোয়েন্টিফোর ডটকম নিজস্ব প্রতিনিধি কবির আহমেদ :: গত কয়েকদিন থেকে বিমান বাংলাদেশের লন্ডন সিলেটের ফ্লাইট নিয়ে খুব বেশী আলোচনা হচ্ছে । কারণ বিমান কর্তৃপক্ষ লন্ডন সিলেটের ফ্লাইটে নতুন নিয়ম চালু করেছে ।
বিমান কর্তৃপক্ষ লন্ডনের বিভিন্ন ট্রাভেল এজেন্সিকে এই মর্মে লিখিতভাবে জানিয়েছে যে, লন্ডন সিলেটের যাত্রীদেরকে ঢাকায় ইমিগ্রেশন ও ল্যাগেজ ক্লেইম করতে হবে । ঢাকা থেকে আভ্যন্তরীণ ফ্লাইটে সিলেট যেতে হবে । এতে করে যাত্রী সাধারণের দুর্ভোগ বাড়বে। ইতিপূর্বে যাত্রীদেরকে সিলেটে গিয়ে ইমিগ্রেশন ও ল্যাগেজ ক্লেইম করতে হতো ।
বিমানের এরকম হয়রানীমূলক সিদ্ধান্তে সিলেটের যাত্রীরা হতবাক হয়েছেন । কারণ এতদিন সিলেটের যাত্রীরা সরাসরি ফ্লাইটে সিলেট গিয়ে পৌঁছেছেন । কিন্তু এখন যাত্রীদের অনেক ঝামেলা ভোগ করতে হবে । সিলেটের যাত্রীরা এধরণের আচরণকে বিদ্বেষীমূলক আচরণ বলে মনে করছেন ।
অতীতের অভিজ্ঞতা থেকে যাত্রীরা মনে করেন, এরকম পরিবর্তন মানেই যাত্রীদের শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিভিন্ন ধরনের লাঞ্চনা ভোগ করতে হবে । বিমান ঢাকা পৌঁছানোর পর সিলেটের ফ্লাইটের জন্য আরো কয়েকঘন্টা ঢাকা এয়ারপোর্টে বসে থাকতে হবে।
বিলাতে সিলেটবাসীরা পাঁচ প্রজন্ম ধরে বসবাস করে আসছে । একবিংশ শতাব্দীতে এসে যদি এরকম বিদ্বেষমূলক আচরণের শিকার হতে হয়ে তা অত্যন্ত দুঃখজনক। যুক্তরাজ্যে বসবাসরত বিভিন্ন শহরে বাংলাদেশী কমিউনিটি বিশেষ করে সিলেটবাসী ক্ষুদ্ধ। বিশেষকরে বয়োজ্যেস্ট যাত্রী এবং যারা পরিবার পরিজন সিলেট যাবেন, তাদের ভোগান্তির সীমা থাকবে না ।
আর ঢাকায় ল্যাগেজ নিয়ে কাষ্টম অফিসার ও দালালদের দৌরাত্মের কথা মনে করে সিলেটবাসীরা শিহরিত । লন্ডনে বিমানের যাত্রী বলতেই সিলেটিরা । তারা বিমানে ভ্রমন করতে স্বাচ্ছন্দ্যবোধ করেন। কারণ তারা সরাসরি সিলেট ওসমানী বিমান বন্দরে নামতে পারেন এবং নিজের ভাষায় কথা বলতে পারেন । উত্তর ইংল্যান্ড যেমন নিউ ক্যাসেল আপন টাইন থেকে ৪ ঘন্টা ড্রাইভ করে তারা হিথ্রো থেকে সিলেট যাওয়ার উদ্দেশে বিমানে উঠেন।
আর এই রুটের মাধ্যমেই বিমান তাদের প্রবৃদ্ধি এবং পরিসর করেছে অনেক । স্বাধীনতা উত্তর বাংলাদেশের শুরু থেকেই এই রুটে বিমান চলছে । শুরু থেকেই সিলেটবাসীরা লন্ডন সিলেটের এই রুটটি খুবই পছন্দনীয় ছিল ।বাংলাদেশ বিমানের জন্য এই রুটটি অত্যন্ত লাভজনক একটি রুট ।
প্রত্যেকটি বিমান সংস্হার প্রধান উদ্দেশ্য হলো যাত্রীসেবা নিশ্চিত করা । হোক তা আকাশে বা মাটিতে । যখন মানুষের পিঠ দেয়ালে ঠেকে যাবে তখন যদি সিলেটবাসীরা বিমানের সেবা বয়কট করে তখন ক্ষতি বাংলাদেশ বিমানেরই হবে ।
তাই বাংলাদেশ বিমান কর্তৃপক্ষ বিষয়টি নিয়ে ইতিবাচক চিন্তা ভাবনা করবেন বলে আশাকরেন সিলেটের লন্ডন প্রবাসী যাত্রীবৃন্দ ।
