
এ নিয়ে পুলিশ কর্মকর্তা আনিসুল হত্যায় মোট ১১ জনকে গ্রেপ্তার করা হলো। তাঁদের মধ্যে হাসপাতালের ১০ জন কর্মকর্তা-কর্মচারীকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিন করে রিমান্ডে নিয়েছে আদাবর থানার পুলিশ।
মাইন্ড এইড হাসপাতাল সিলগালা করে দেওয়া ও প্রতিষ্ঠানটির অন্যতম মালিককে গ্রেপ্তার করার বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশের তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপকমিশনার মৃত্যুঞ্জয় দে। তিনি বলেন, গ্রেপ্তার নিয়াজ মোর্শেদ মাইন্ড এইড হাসপাতালের একজন পরিচালক। অসুস্থতার কারণে বর্তমানে তিনি নিউরোসায়েন্সেস হাসপাতালে চিকিৎসাধীন।
এ ঘটনায় সোমবার দিবাগত মধ্যরাতে আনিসুলের বাবা ফাইজুদ্দীন আহম্মেদ বাদী হয়ে আদাবর থানায় একটি হত্যা মামলা করেন। এতে হাসপাতালটির মালিক ও পরিচালনা কমিটির সদস্যসহ ১৫ জনকে আসামি করা হয়। পুলিশ সোমবার রাত থেকে মঙ্গলবার রাত সাড়ে নয়টা পর্যন্ত হাসপাতালটির মালিকদের ১ জনসহ মোট ১১ জনকে গ্রেপ্তার করেছে। তাঁদের মধ্যে ১০ জনকে ৭ দিন করে রিমান্ডে নেওয়া হয়েছে।
