“মানুষ মানুষের জন্যে
জীবন জীবনের জন্যে
একটু সহানুভূতি কি
মানুষ পেতে পারে না, ও বন্ধু”
ভুপেন হাজারিকার গানটি হঠাৎ মনে পড়ল। এই গানটির সাথে চলমান পরিস্থিতির সাথে এতো মিল, একমাত্র গান প্রেমিকরাই বুঝতে পারবেন।
ফেইসবুকে করোনা ভাইরাস নিয়ে নানা ধরণের বক্তব্য ভিডিওর তান্ডব চলছে। কোনটা ঠিক কোনটা বেঠিক তা নিয়ে মানুষের মনে হাজার দ্বন্দ্ব ঘুরপাক খাচ্ছে। সেই সাথে এসব বক্তব্যে শুনতে শুনতে অনেকের সঙ্গে আমিও ক্লান্ত হয়ে গেছি।
কিন্তু বাস্তবতা হচ্ছে- করোনা ভাইরাসে মানুষের জীবন জীবিকা বিপর্যস্ত হয়ে পড়েছে। বহু পরিবার দুশ্চিন্তায় অতিষ্ঠ, সবার মাঝে আতংক বিরাজমান। এতবড় একটা বিপদ থেকে বাঁচাতে হলে করোনা কি? করোনা কি ভাবে ছড়ায়? করোনা রোগের লক্ষণ কি? এর প্রতিরোধ কি ? তা মানুষকে জানতে হবে। তা নাহলে করোনা যুদ্ধে ঠিকে থাকাই দায় হবে।
করোনা আক্রান্ত হয়ে দেশে বিদেশে মানুষ মারা যাচ্ছে। বন্ধ হয়ে যাচ্ছে কাজকর্ম, দোকানপাট। কর্মহীন হয়ে পড়েছে মানুষ। লক ডাউন হয়ে যাচ্ছে একের পর এক শহর, অঞ্চল, দেশ। নিত্য প্রয়োজনীয় জিনিস সংগ্রহে মানুষ যেন হিমশীম খাচ্ছে।
“বলো কি তোমার ক্ষতি
জীবনের অথৈ নদী
পার হয় তোমাকে ধরে
দুর্বল মানুষ যদি”
মানুষের সবচেয়ে বড় গুণ ‘বিনয়’। আর সবচেয়ে খারাপ গুণ ‘অহংকার’। দুঃখের ব্যাপার এই জনপদে ‘বিনয়’কে দুর্বলতা মনে করা হয়। অহংকারকে ভাবা হয় ‘ব্যক্তিত্ব’। তবে ইতিহাস সাক্ষ্য দেয়, এই জগতে অহংকারীর পতন অনিবার্য।
“মানুষ যদি সে হয়না মানুষ
দানব কখনো হয়না মানুষ
যদি দানব কখনো বা হয় মানুষ
লজ্জা কি তুমি পাবেনা, ও বন্ধু”
অন্যের সমালোচনায় আমরা শুধু মুখে ফেনাই তুলি। আমি কেমন?আমি কি করছি?সে দিকে নজর না দিয়ে অন্যের সমালোচনায় আমরা মগ্ন থাকি।পৃথিবীতে আমরাই বোধ হয় একমাত্র জাতি যারা নিজের শরীরে দুর্গন্ধ রেখে অন্যের শরীরে গন্ধ শুঁকি।

