প্রবাস বার্তা টোয়েন্টিফোর ডটকম নিউজ ডেস্ক :: ব্রিটিশ রাজপরিবারের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে যুক্ত থাকাকালে পরিবারটির জীবনকাহিনি নিয়ে প্রকাশিতব্য গ্রন্থ থেকেও নিজেদের গুটিয়ে রেখেছেন প্রিন্স হ্যারি ও তাঁর স্ত্রী মেগান মার্কেল। এই দম্পতি বলেছেন, জীবনী গ্রন্থটিতে তাঁরা সাক্ষাৎকার বা এটি রচনায় কোনো অবদান তাঁরা রাখেননি।
দুজন লেখকের ফাইন্ডিং ফ্রিডম নামের বইয়ে হ্যারির বড় ভাই প্রিন্স উইলিয়াম ও উইলিয়ামের স্ত্রী কেট উইলিয়ামের সঙ্গে হ্যারি–মেগানের সম্পর্কের অবনতির দিকটিও তুলে ধরা হয়েছে। বইটি আগামী মাসে প্রকাশিত হবে। তবে টাইমস ও সানডে টাইমস এর কিছু প্রকাশ করছে ধারাবাহিকভাবে।
গার্ডিয়ান পত্রিকা জানায়, এই বইয়ের বিষয়ে হ্যারি–মেগান দম্পতির পক্ষে একজন মুখপাত্র বিবৃতিতে বলেন, ‘বইটিতে হ্যারি ও মেগান সাক্ষাৎকার দেননি, অবদানও রাখেননি। রাজকীয় গণমাধ্যমের কর্মী হিসেবে নিজস্ব অভিজ্ঞতা ও স্বাধীন প্রতিবেদন সংশ্লিষ্ট তথ্যের ভিত্তিতে এটি লেখা হয়েছে।
টাইমস–এ প্রকাশিত বইয়ের এক অংশে বলা হয়, রাজপরিবারে থাকাকালে হ্যারি ও মেগানের সঙ্গে প্রিন্স উইলিয়াম ও কেটের সম্পর্কের এতটাই অবনতি ঘটেছিল যে এ দুই দম্পতির মধ্যে প্রাসাদের ভেতরেই কথা হতো কালেভদ্রে। প্রাসাদে কর্মরতদের মধ্যে হাতে গোনা কয়েকজন ছিলেন হ্যারি–মেগানের আস্থাভাজন।

