প্রবাস বার্তা ২৪ ডটকম নিউ্জ ডেস্কঃ দেশের সব বিভাগীয় শহরে অটিজম পরিচর্যা কেন্দ্র করার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিন বলেন, পর্যায়ক্রমে দেশের আটটি বিভাগীয় শহরে বৃহৎ পরিসরে এ ধরনের পরিচর্যা কেন্দ্র স্থাপন করা হবে। এসব কেন্দ্রে তাদের শিক্ষা, প্রশিক্ষণ, চিকিৎসা, খেলাধুলাসহ সকল সুবিধা অন্তর্ভুক্ত থাকবে
মঙ্গলবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে দ্বাদশ বিশ্ব অটিজম সচেতনতা দিবসের অনুষ্ঠানে তিনি এ ঘোষণা দেন। প্রতিবন্ধী ব্যক্তিদের প্রতি আরও সহানুভূতিশীল হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, একটা শিশু যখন জন্ম নেয় সে যে অটিস্টিক বা প্রতিবন্ধী হবে এটা তো ওভাবে জানা থাকে না। শিশুটা যখন জন্ম নেয় মাও দায়ী থাকে না, বাবাও দায়ী থাকে না। কেউই কিন্তু দায়ী থাকে না। শিশুটা সাধারণ মানুষের মতো হয়নি এটা আল্লাহতালার ইচ্ছা। প্রধানমন্ত্রী বলেন, আমি এটুকুই চাইব, এই অবহেলিত জনগোষ্ঠী যেন আর অবহেলার শিকার না হয়। তারা যেন আমাদের সমাজে তাদের যোগ্য স্থান পায়। তারা আমাদেরই সন্তান, আমাদেরই ভাই, বোন। সে কথাটা মনে করে সবাই অটিস্টিক বা প্রতিবন্ধীদের সাথে নিয়ে চলবেন সেটাই আমি চাচ্ছি।
অটিস্টিক এবং প্রতিবন্ধীরাও যে সাধারণ মানুষের মতো সবকিছু করতে পারে সে প্রসঙ্গ টেনে প্রধানমন্ত্রী বলেন, আমরা চাই যারা অটিস্টিক বা প্রতিবন্ধী তারা যেন সমাজের বোঝা হয়ে না দাঁড়ায়। তাদের যেন কেউ বোঝা মনে না করে । তাদের মাঝে কিন্তু অনেক ট্যালেন্ট আছে। সরকারের নানা উদ্যোগের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, আসন্ন বাজেটে দেশের ১৪ লাখ প্রতিবন্ধীকে ভাতার আওতায় আনার পরিকল্পনা রয়েছে। এছাড়া তাদের কল্যাণে সরকার নানা উদ্যোগ নিয়েছে।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ, স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক, সমাজকল্যাণ মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি রাশেদ খান মেননসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।
