সরকারের পতন আসন্ন, যেকোনো মুহূর্তে হুড়মুড় করে পড়ে যাবে: রিজভী


প্রবাস বার্তা ২৪ ডটকম নিউ্জ ডেস্কঃ বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, পতন আসন্ন, যেকোনো মুহূর্তে বর্তমান সরকার হুড়মুড় করে পড়ে যাবে।

শনিবার দুপুরে রাজধানীর নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সামনে সংক্ষিপ্ত বিক্ষোভ সমাবেশে তিনি এ হুঁশিয়ারি উচ্চারণ করেন।

এর আগে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার দাবিতে স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি পল্টন আনন্দ কমিউনিটি সেন্টার হয়ে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশে স্বেচ্ছাসেবক দলের নেতারা বক্তব্য দেন।

রিজভী বলেন, সরকারের পতন আসন্ন। যেকোনো মুহূর্তে বর্তমান সরকার হুড়মুড় করে পড়ে যাবে।

প্রধানমন্ত্রীর উদ্দেশে রিজভী বলেন, ‘খালেদা জিয়াকে মুক্তি দিতে হবে। আপনি গায়ের জোরে তাঁকে বন্দি করে রেখেছেন। সুতরাং খালেদা জিয়াকে মুক্তি না দিয়ে আপনার আর কোনো উপায় থাকবে না।’

খালেদা জিয়াকে বাধ্য করে সরকার কোনো কাজ করাতে পারবে না বলেও মন্তব্য করেন তিনি।

মিছিল ও সমাবেশে স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিউল বারী বাবু ও সাধারণ সম্পাদক আবদুল কাদের ভূঁইয়া জুয়েলসহ কয়েকশ নেতাকর্মী উপস্থিত ছিলেন।

,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *