সারাদেশে দুর্নীতি-খুন-ধর্ষণ: ছাত্রসমাজকে জেগে উঠার ডাক দিলো ভিপি নুর


প্রবাস বার্তা টোয়েন্টিফোর ডটকম নিউজ ডেস্কঃ দেশজুড়ে বিচারহীনতার সংস্কৃতি, গুম, খুন, ধর্ষণ ও দুর্নীতির বিরুদ্ধে ছাত্রসমাজকে জেগে উঠার ও প্রতিবাদ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদের (ডাকসু) ভিপি নুরুল হক নুর।

বুধবার (১০ জুলাই) ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে গুম, খুন, ধর্ষণ ও দুর্নীতির বিরুদ্ধে এক পদযাত্রা শেষে সংক্ষিপ্ত সমাবেশে দেয়া বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

এসময় ডাকসু ভিপি বলেন, ‘সমাজের প্রতিটি রন্ধ্রে রন্ধ্রে অন্যায়, গুম, খুন, ধর্ষণ দুর্নীতির দানা বেঁধেছে। এই অবস্থার বিরুদ্ধে বাংলার ছাত্রসমাজকে জাগতে হবে।

এদেশের রন্ধে রন্ধে অবিচার-অন্যায় প্রতিষ্ঠিত হয়ে যাচ্ছে। এ মুহূর্তে যদি আমরা না জাগি তাহলে আমাদের ভবিষ্যত অন্ধকার।

পরবর্তী প্রজন্মের কাছে আমাদেরকে ধিক্কার শুনতে হবে।’ তিনি বলেন, ‘বিচারহীনতার সংস্কৃতিকে প্রতিষ্ঠা করার জন্য বিচার না করেই ক্রসফায়ারের নাটক করা হচ্ছে।

গডফাদারদের আড়াল করতে আইনের দুর্বলতার ফাঁকফোকড় দিয়ে অপরাধীরা বারবার পার পেয়ে যাচ্ছে।

প্রয়োজনে আইন সংশোধন করে কঠোর আইন করার মাধ্যমে দ্রুত বিচার ট্রাইব্যুনাল গঠন করে গুম, খুন, ধর্ষণ ও দুর্নীতির মতো ঘটনার সুষ্ঠু বিচারের দাবি জানাচ্ছি।’

এ প্রসঙ্গে নুর আরও বলেন, ‘আজ শিশু থেকে নব্বই বছরের বৃদ্ধা- কেউ ধর্ষণ থেকে রেহাই পাচ্ছে না। পবিত্রতার প্রতীক বলা হয় শিশু ও ফুলকে।

আর সেই পবিত্রতার প্রতীকের দিকে পাষণ্ডরা যৌনতার দৃষ্টিতে তাকায়। কত বড় বিকৃত মস্তিষ্কের হলে এরা এসব কাজ করতে পারে। এর জন্য দায়ী বিচারহীনতার সংস্কৃতি।

দেশে খুনের আসামিরাও আজ রেহাই পেয়ে যাচ্ছে।’ বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের ব্যানারে আয়োজিত র‌্যালি পরবর্তী সমাবেশে আরও বক্তব্য দেন- সংগঠনটির আহ্বায়ক হাসান আল মামুন,

ডাকসুর সমাজসেবা সম্পাদক আখতার হোসেন, সংগঠনটির যুগ্ম আহবায়ক রাশেদ খান ও ফারুক হোসেন প্রমুখ। এর আগে র‌্যালিটি বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলা থেকে শাহবাগ, মৎস ভবন, হাইকোর্ট, দোয়েল চত্বর, শহীদ মিনার প্রদক্ষিণ করে আবার অপরাজেয় বাংলার পাদদেশে এসে মিলিত হয়।

,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *