প্রবাসবার্তা২৪.কম, সিলেটঃ ভারতীয় সহকারী হাই কমিশনার মি. এল. কৃষ্ণমূর্তি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র পরিচালনা পরিষদের সঙ্গে এক সৌজন্য সাক্ষাতে মিলিত হন। রোববার বিকেল ৪টায় চেম্বার বোর্ড রুমে এ সাক্ষাত অনুষ্টিত হয়। এসময় ভারতীয় সহকারী হাই কমিশনার সিলেট চেম্বারের নবনির্বাচিত কমিটিকে অভিনন্দন জানিয়ে বলেন, সিলেটের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন হিসেবে সিলেট চেম্বার অব কমার্সের কার্যক্রম অত্যন্ত প্রশংসনীয়। তিনি বাংলাদেশ ও ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর মধ্যে চমৎকার বাণিজ্য সম্পর্কের কথা উল্লেখ করে বলেন, সিলেটকে ব্যবহার করে ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সঙ্গে বাংলাদেশের বাণিজ্য সম্পর্ক বৃদ্ধির প্রচুর সম্ভাবনা রয়েছে। তিনি বলেন, দীর্ঘদিন যাবৎ বাংলাদেশ থেকে ভারতে একই ধরণের পণ্য রফতানি হচ্ছে। রফতানি বাণিজ্যের প্রসারে পণ্যের মধ্যে বৈচিত্রতা আনয়ন করা প্রয়োজন বলে তিনি মন্তব্য করেন। ভারত-বাংলাদেশ উভয় দেশই পর্যটন খাতে সম্ভাবনাময় উল্লেখ করে তিনি বলেন, এই সম্ভাবনাকে কাজে লাগাতে দুই দেশের ব্যবসায়ীদের এগিয়ে আসতে হবে। উভয় দেশের বিনিয়োগকারীগণ পর্যটন খাতে যৌথভাবে বিনিয়োগ করে দারুণ লাভবান হতে পারেন।
সভাপতির বক্তব্যে সিলেট চেম্বারের সভাপতি আবু তাহের মোঃ শোয়েব বলেন, ভারতের সঙ্গে বাণিজ্য সম্পর্ক বৃদ্ধিতে সিলেট চেম্বার কাজ করে যাচ্ছে। চলতি মাসের ২২-২৩ তারিখে আসামের গোহাটিতে অনুষ্ঠিতব্য ইন্দো-বাংলা স্টেকহোল্ডার মিটিং এ সিলেট চেম্বারের পক্ষ থেকে প্রতিনিধিদল যোগদান করবে। তিনি সৌজন্য সাক্ষাতে মিলিত হওয়ার জন্য ভারতীয় সহকারী হাই কমিশনার মিঃ এল কৃষ্ণমূর্তিকে ধন্যবাদ জানিয়ে বলেন, ভারত বাংলাদেশের উন্নয়ন সহযোগী রাষ্ট্র। দুই দেশের মধ্যে প্রতি বছর বিপুল পরিমান আমদানী-রফতানি বাণিজ্য হয়ে থাকে। যা দুই দেশের অর্থনীতিকে সমৃদ্ধ করছে। তিনি ব্যবসায়ীদেরকে দীর্ঘমেয়াদী ভারতীয় ভিসা প্রদানের আহবান জানান। তিনি ভারত ও বাংলাদেশের মধ্যে বাণিজ্য সম্পর্ক বৃদ্ধিতে সহকারী হাই কমিশনের যেকোন কার্যক্রমে সিলেট চেম্বারের পক্ষ থেকে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।
সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, সিলেট চেম্বারের সহ সভাপতি তাহমিন আহমদ, পরিচালক মোঃ মামুন কিবরিয়া সুমন, এহতেশামুল হক চৌধুরী, আব্দুর রহমান, ফালাহ উদ্দিন আলী আহমদ, মো. আব্দুর রহমান (জামিল), হুমায়ুন আহমদ, মোঃ নজরুল ইসলাম, আলীমুল এহছান চৌধুরী, মোঃ আমিনুজ্জামান জোয়াহির, খন্দকার ইসরার আহমদ রকী, ফখর উস সালেহীন নাহিয়ান, ভারতীয় সহকারী হাই কমিশনের সেকেন্ড সেক্রেটারী গিরিশ পুজারী, কমার্শিয়াল রিপ্রেজেনটেটিভ সঞ্জীব কুমার।
