সোহরাওয়ার্দী উদ্যানে ভাষণ দিয়ে মুক্তিযুদ্ধ হয় না, লাগে সশস্ত্র বিপ্লব, বললেন কর্নেল অলি


প্রবাস বার্তা টোয়েন্টিফোর ডটকম ঢাকা প্রতিনিধিঃ পাকিস্তানি সেনাবাহিনীর কাছে খালেদা জিয়া সম্মান পেলেও নিজ দেশের লোকের কাছে তা পাচ্ছেন না। যারা জাতির পিতার সন্তান দাবি করেন, তাদের কাছে মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সম্মান নেই। শুক্রবার বিকালে তেজগাঁওয়ে এলডিপি কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি কর্নেল (অব.) অলি আহমেদ এসব কথা বলেন।

সেনাবাহিনীর লোকেরা মুক্তিযুদ্ধ শুরু না করলে কেউ মুক্তিযুদ্ধে যেতে পারতেন না দাবি করে অলি আহমেদ বলেন, লাঠিসোঁটা নিয়ে মুক্তিযুদ্ধ হয় না। সোহরাওয়ার্দী উদ্যানে ভাষণ দিয়ে মুক্তিযুদ্ধ হয় না। লালদিঘির মাঠে বক্তব্য দিয়ে মুক্তিযুদ্ধ হয় না। মুক্তিযুদ্ধের জন্য সশস্ত্র বিপ্লব লাগে। এই বিপ্লব আমরা জিয়াউর রহমানকে নিয়ে ৮ম রেজিমেন্ট শুরু করেছিলাম। সেই সম্মানটুকুই খালেদ জিয়াকে দেখানো উচিত। কারণ, তিনিও একজন মুক্তিযোদ্ধা। তিনি পাকিস্তানিদের হাতে বন্দি ছিলেন।

তিনি আরও বলেন, পাকিস্তানি সেনারা খালেদা জিয়াকে সম্মান দেওয়ার কারণ হলো, সেখানে কর্নেল নিয়াজি। যিনি ছিলেন জিয়াউর রহমানের প্রথম অধিনায়ক। প্রথম অধিনায়ক হলেন বাবার মতো আর সেই ব্যাটালিয়নের অন্যরা হলেন সন্তানের মতো। অফিসারদের স্ত্রীরা ছিলেন তার মেয়ের মতো।

তিনি আরও বলেন, সুপ্রিম কোর্টের বিচারকদের অনুরোধ করবো, খালেদা জিয়ার বয়স, অবদান ও জিয়াউর রহমানের অবদান বিবেচনা করে তাকে অবিলম্বে চিকিৎসার জন্য মুক্তি দেবেন।

জনগণের বসে থাকার সময় শেষ উল্লেখ করে অলি আহমদ বলেন, ‘ দেশের ক্ষতি হয় এমন কোনও কর্মকাণ্ড আমরা সমর্থন করি না। আপনারা ছোট ছোট মিছিল-মিটিং করুন। খালেদার মুক্তি ও পুননির্বাচনের দাবিতে সোচ্চার হোন।

শেখ হাসিনার বিদেশ সফরের সমালোচনা করে অলি আহমেদ বলেন, ‘ দেশে ডেঙ্গুর মতো ভয়াবহ পরিস্থিতি, অথচ প্রধানমন্ত্রী লন্ডনে অবস্থান করছেন। তিনি কেন বিদেশে অবস্থান করছেন, দেশের মানুষ তা জানেন না।

অলি আহমেদ বলেন, ‘আগামী ৬ আগস্ট জাতীয় মুক্তিমঞ্চের ব্যানারে দেশের সামগ্রিক বিষয়ে সেমিনার করা হবে। এখানে অর্থনীতি, রাজনীতি ও আইনশৃঙ্খলা পরিস্থিতি ওপর বিশেষজ্ঞরা বক্তব্য রাখবেন।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন ২০ দলীয় জোট শরিক কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মুহাম্মদ ইবরাহিম, জমিয়তে উলামায়ে ইসলামের মুনির হোসেন কাসেমী, জাতীয় দলের মহাসচিব রফিকুল ইসলাম, এলডিপির যুগ্ম মহাসচিব শাহদাত হোসেন সেলিম প্রমুখ।

,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *